আমিরাতের হাবশান গ্যাস কমপ্লেক্সে আগুন, উৎপাদন বন্ধ 

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো হাবশান গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন উদ্বেগ তৈরি করেছে।

আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, আকাশপথে আসা একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনাটির ভেতরে পড়ে আগুনের সূত্রপাত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে গ্যাসক্ষেত্রটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগুন নেভাতে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: আলজাজিরা