পরিবারের দাবি

‘লেবাননে ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন’

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা অযৌক্তিক ও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ করেছেন তাদের পরিবারগুলো। তারা দাবি করেছেন, পর্যাপ্ত সরঞ্জাম ও আকাশ থেকে সহায়তার অভাবে তাদের সন্তানরা সরাসরি হামলার ঝুঁকিতে রয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। পরিবারগুলোর অভিযোগ, সামরিক অভিযান চলাকালে তাদের সন্তানরা সীমিত সম্পদ এবং অপর্যাপ্ত বিমান সুরক্ষার মধ্যে সরাসরি গোলাগুলির মুখে রয়েছে।

প্রতিবেদন অনুসারে, নাহাল গোয়েন্দা ইউনিটের সেনাদের পরিবারগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি চিঠি পাঠিয়ে বিষয়টি তুলে ধরেছে। এতে বলা হয়, ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে।

প্রধানমন্ত্রী ছাড়াও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং সামরিক নেতাদের উদ্দেশে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী স্থলবাহিনীকে সহায়তা না দিয়ে ইরান-সংশ্লিষ্ট অভিযানে বেশি মনোযোগ দিচ্ছে। জানা গেছে, সাম্প্রতিক স্থল অভিযানের সময় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চারজন আইডিএফ সেনা নিহত এবং অনেক সেনা আহত হন।

২ মার্চ হিজবুল্লাহর সীমান্ত অতিক্রম করে হামলার পর থেকে ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত তাদের দেশে প্রায় ১,৩১৮ জন নিহত এবং ৩,৯৩৫ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু

AHA
আরও পড়ুন