কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও গোলার টুকরো (শ্র্যাপনেল) কুয়েতের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় আছড়ে পড়লে অন্তত ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল ) ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এক ভিডিও বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।

ইব্রাহিম জোলফাকারি জানান, ইরানি ড্রোনগুলো বুবিয়ান দ্বীপে থাকা মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ সরঞ্জাম এবং প্রধান অস্ত্রভাণ্ডারকে লক্ষ্য করে নিখুঁতভাবে আঘাত হেনেছে। তিনি দাবি করেন, এর আগে মূল ভূখণ্ডের ‘আরিফজান ক্যাম্প’-এ ইরানের ধারাবাহিক হামলার মুখে পড়ে মার্কিন সেনারা ওই দ্বীপে আশ্রয় নিয়েছিল। বুবিয়ান দ্বীপ হলো পারস্য উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত কুয়েতের বৃহত্তম দ্বীপ।

এদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কুনা’ (KUNA) জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় বা সরাসরি আঘাতের ফলে সৃষ্ট প্রজেক্টাইলগুলো কুয়েতের উত্তরের একটি জনবসতিপূর্ণ এলাকায় গিয়ে পড়ে। এতে অন্তত ছয়জন আহত হন।

খবর পাওয়ার পরপরই কুয়েতের জরুরি চিকিৎসা দল এবং অ্যাম্বুলেন্স পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এই হামলার পর কুয়েতজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কুয়েতের সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী এবং জরুরি বিভাগগুলো বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সূত্র: আল জাজিরা।