হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চূড়ান্ত ‘ডেডলাইন’-এর কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনকে পাল্টা হুমকি দিলো তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকারের শীর্ষ উপদেষ্টা মাহদি মোহাম্মাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্পের হাতে আর মাত্র ২০ ঘণ্টা সময় আছে, এরপর তার মিত্ররা ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ট্রাম্পের হাতে এখনো প্রায় ২০ ঘণ্টা সময় রয়েছে। এরপর তার মিত্ররা (আঞ্চলিক সহযোগী দেশসমূহ) প্রস্তর যুগে ফিরে যাবে। আমরা কোনোভাবেই পিছু হটব না।’
মোহাম্মাদি আরও দাবি করেন, ইরান স্পষ্টভাবে এই যুদ্ধে জয়ী হয়েছে। তিনি বলেন, ‘তেহরান এমন কোনো সমাধানই গ্রহণ করবে না যা তাদের বর্তমান অর্জনকে ক্ষুণ্ণ করে। বরং আমরা এই অঞ্চলে একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করতে চাই।’
এর আগে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে, ইরানকে দেওয়া সময়সীমা তিনি আর বাড়াবেন না। মঙ্গলবার রাত ৮টাই (মার্কিন সময়) হচ্ছে চূড়ান্ত সময়সীমা। এই সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি না দিলে মার্কিন সামরিক অভিযান আরও বিধ্বংসী রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্প দাবি করেন, যুদ্ধ শেষ করতে ইরান যে প্রস্তাব পাঠিয়েছে তা ‘গুরুত্বপূর্ণ’ হলেও ‘যথেষ্ট ভালো’ নয়। তিনি বলেন, ‘ইরান জানে তাদের ঠিক কী করতে হবে। তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তবে যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে।’
উভয় পক্ষের এই অনমনীয় অবস্থান এবং পাল্টাপাল্টি আল্টিমেটাম মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে নিয়ে যাচ্ছে। গ্রিনিচ সময় অনুযায়ী বুধবার ভোর রাত ১২টায় ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হতে যাচ্ছে। এরপর তেহরান তাদের ‘প্রস্তর যুগ’ হুমকি বাস্তবায়ন করে কি না এবং যুক্তরাষ্ট্র তাদের অভিযান কতটা জোরদার করে, তা নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে।