ভারত যুক্তরাষ্ট্রের কাছে যা চাইবে, তাই পাবে: ট্রাম্প

আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:২১ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও বন্ধুত্ব প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে এবং দেশটি যা চাইবে যুক্তরাষ্ট্র তা-ই দেবে। মোদিকে ‘অসাধারণ নেতা’ ও ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে অভিহিত করে ট্রাম্প ভারতকে শতভাগ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (২৪ মে) রাতে ভারতের দিল্লিতে আয়োজিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ওয়াশিংটন থেকে সরাসরি ফোনে যুক্ত হয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মোদির প্রতি নিজের ব্যক্তিগত অনুরাগের কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদিকে ভালোবাসি। তিনি একজন অসাধারণ মানুষ এবং আমার খুব ভালো বন্ধু। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বর্তমানে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ভারত আমাদের ওপর ১০০ ভাগ ভরসা করতে পারে। তাদের কোনো সহায়তার প্রয়োজন হলে তারা জানে কোথায় ফোন করতে হবে; তারা সরাসরি এখানেই ফোন করবে। ভারত যা চাইবে, তাই পাবে।’

অনুষ্ঠানে ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওরও প্রশংসা করেন। তিনি বলেন, রুবিও যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন। এ সময় ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর বিষয়টিও পুনরায় নিশ্চিত করেন। এর আগে শনিবার ট্রাম্পের পক্ষ থেকে রাষ্ট্রদূত সার্জিও গোর মোদিকে এই আমন্ত্রণ পৌঁছে দেন।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে তিন দিনের সফরে ভারতে অবস্থান করছেন। তার এই সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং বাণিজ্য বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে নতুন মার্কিন অভিবাসন নীতি নিয়ে ভারতের উদ্বেগের মাঝে ট্রাম্পের এই অভয়বাণী এবং রুবিওর সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: এনডিটিভি

FJ
আরও পড়ুন