যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হতাশা প্রকাশ করেছেন ইরানের সবশেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি।
বুধবার (৮ এপ্রিল) ফরাসি সংবাদমাধ্যম এলসিআই'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ওয়াশিংটন যে ‘শাসন পরিবর্তনের’ দাবি করছে তা সঠিক নয়; বরং ইরানিদের নিজেদেরই এই শাসকদের হাত থেকে মুক্তি পেতে হবে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, যুদ্ধের মাধ্যমে ইরানে ‘শাসন পরিবর্তন’ সম্ভব হয়েছে এবং তারা এখন নতুন ধরনের নেতৃত্বের সাথে আলোচনা করছেন। এর জবাবে পাহলভী বলেন, 'কিসের শাসন পরিবর্তন? এরা সেই একই লোক- হয়তো কিছুটা দুর্বল হয়েছে। পার্লামেন্ট থেকে বিচার বিভাগ, সবখানে আগের লোকেরাই রয়েছে। খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তারই ছেলে (মোজতবা খামেনি)। আমাদের কাছে এটি কোনোভাবেই শাসন পরিবর্তন নয়।'
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর পাহলভি আশা করেছিলেন যে, এই সংঘাতের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবে। কিন্তু দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি তার সমর্থকদের মধ্যে ‘হতাশা’ তৈরি করেছে বলে তিনি স্বীকার করেন। নিজের ইউটিউব চ্যানেলে ইরানিদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, 'যুদ্ধবিরতির খবরে অনেকেই মনঃক্ষুণ্ণ হয়েছেন, তবে মনে রাখবেন, এই যুদ্ধে বর্তমান শাসকরা নজিরবিহীন আঘাত সহ্য করেছে। আমাদের ধৈর্য ধরতে হবে।'
রেজা পাহলভি আরও বলেন, 'ইসলামি প্রজাতন্ত্রের পালানোর কোনো পথ নেই এবং তাদের টিকে থাকার কোনো সুযোগও নেই। ইরানের মহান জাতিই তাদের পতন ঘটাবে। এই দুর্বল হয়ে পড়া শাসনের ওপর আমাদেরই চূড়ান্ত আঘাত হানতে হবে।' তবে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন যে, শাসকদের দমনের ক্ষমতা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি, তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সূত্র: দ্য নিউ আরব