‘ইরান যুদ্ধ’ চায় না ৬৬ শতাংশ মার্কিন নাগরিক

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ চাপ ক্রমশ তীব্র হচ্ছে। ওয়াশিংটন ডি.সি. থেকে পাওয়া বিভিন্ন জনমত জরিপের তথ্য অনুযায়ী, আমেরিকার প্রতি তিন জন নাগরিকের মধ্যে দুই জনই (প্রায় ৬৬ শতাংশ) মনে করছেন এই যুদ্ধ অনেক দূর এগিয়ে গেছে এবং এখনই এর অবসান হওয়া প্রয়োজন।

মার্কিন নাগরিকদের এই অসন্তোষের প্রধান কারণ যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট। বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় আমেরিকায় জ্বালানি খরচ আকাশচুম্বী হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। নতুন করে বাড়তে থাকা মুদ্রাস্ফীতি ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরণের রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে। সাধারণ ভোটাররা এখন সরাসরি যুদ্ধের বিরোধিতা শুরু করেছেন।

সংবাদ বিশ্লেষণে জানা গেছে, এই যুদ্ধ শুরু করার বিষয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যেও একমত ছিল না। মজার ব্যাপার হলো, যুদ্ধের সবচেয়ে জোরালো বিরোধী ছিলেন খোদ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অথচ বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন তাঁকেই আলোচনার টেবিলে পাঠিয়েছে।

পাকিস্তানের ইসলামাবাদে এই সপ্তাহান্তে ইরানের সঙ্গে যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা হতে যাচ্ছে, তাতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জেডি ভ্যান্স। যিনি নিজে এই যুদ্ধ শুরুর বিপক্ষে ছিলেন, তাঁর ওপর এখন পাহাড়সম চাপ ইরানের কাছ থেকে একটি কার্যকর ও শক্তিশালী যুদ্ধবিরতি চুক্তি আদায় করা।

বিশ্লেষকরা বলছেন, একদিকে ক্রুদ্ধ মার্কিন জনতা আর অন্যদিকে যুদ্ধবিরোধী হিসেবে নিজের ইমেজ রক্ষা এই দুইয়ের চাপে ভ্যান্সের জন্য ইসলামাবাদের বৈঠকটি হবে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম কঠিন পরীক্ষা।

সূএ: আল-জাজিরা।