আরেকটি গণহত্যা ঠেকানোই আমাদের লক্ষ্য: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সামরিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আর কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের 'হলোকাস্ট' এর মত গণহত্যার যেন পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করা এবং সেই লক্ষ্যেই তারা বর্তমান পদক্ষেপগুলো গ্রহণ করে চলেছে।

সোমবার (১৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, তেল আবিব যদি সময়মতো এবং প্রয়োজনীয় পদক্ষেপ না নিত, তাহলে ইসফাহান, নাতানজ, ফোর্ডো ও বুশেহর, এই গুরুত্বপূর্ণ স্থানগুলোও ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি হত্যাকেন্দ্র আউশভিৎস, মাজদানেক ও সোবিবোর-এর মতো ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকত। তার ভাষায়, এই সম্ভাবনাকে আগেভাগেই প্রতিহত করাই ছিল প্রধান লক্ষ্য।

নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের এই অবস্থান সম্পূর্ণভাবে প্রতিরোধমূলক এবং নিরাপত্তা নিশ্চিত করার কৌশলগত প্রয়াসের অংশ, যেখানে সম্ভাব্য হুমকি তৈরি হওয়ার আগেই তা মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি ইঙ্গিত দেন, এসব সিদ্ধান্ত তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘমেয়াদি নিরাপত্তা বিবেচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, 'আমরা এখানে আছি যাতে আর কোনো হলোকাস্ট না ঘটে', এই বার্তাটিই ইসরায়েলের বর্তমান অবস্থান ও পদক্ষেপের কেন্দ্রবিন্দু, যা তাদের নিরাপত্তা নীতির একটি জোরালো ও সুস্পষ্ট প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়েছে। সূত্র: ডন