যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাব দিলো পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে আবারও বড় উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা উচ্চপর্যায়ের বৈঠকের জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। চলমান দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই আলোচনার আয়োজন করতে চায় পাকিস্তান সরকার।

বুধবার (১ এপ্রিল) পাকিস্তানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে ‘গালফ নিউজ’ এই তথ্য প্রকাশ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এবং বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই বৈঠক অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম দফার আলোচনা থেকে কোনো চূড়ান্ত চুক্তি না আসলেও, সেটিকে একটি ইতিবাচক ‘শুরু’ হিসেবে দেখছেন কূটনীতিবিদরা। পাকিস্তান মনে করছে, এই ধারাবাহিকতা বজায় রাখলে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব।

পাকিস্তান এই বৈঠকের জন্য তাদের রাজধানী ইসলামাবাদকে প্রস্তাব করলেও, ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকটি ইসলামাবাদে হওয়ার প্রবল সম্ভাবনা থাকলেও তা মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মর্জির ওপর নির্ভর করছে। দেশ দুটি যদি অন্য কোনো নিরপেক্ষ স্থানে বসতে চায়, তবে পাকিস্তান তাতে সহযোগিতা করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও উল্লেখ করেছেন যে, এই আলোচনা কোনো বিচ্ছিন্ন প্রচেষ্টা নয়; বরং এটি দীর্ঘমেয়াদী একটি কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। প্রথম দফার আলোচনায় দুই পক্ষের মধ্যে থাকা অবিশ্বাসের বরফ কিছুটা গলেছে বলে ধারণা করা হচ্ছে। এখন দ্বিতীয় দফার আলোচনায় মূল বিরোধপূর্ণ ইস্যুগুলো (যেমন পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালী) নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও অস্থিরতা চরম আকার ধারণ করেছে। পাকিস্তানের এই মধ্যস্থতা সফল হলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় স্বস্তি নিয়ে আসবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: গালফ নিউজ।