যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ও নিষেধাজ্ঞার মাঝেই একটি সুপারট্যাংকার ইরানের জলসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা। একই সঙ্গে খাদ্যপণ্যবাহী একটি জাহাজও উপসাগরে প্রবেশ করে ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাহাজ চলাচল পর্যবেক্ষণ তথ্যের ভিত্তিতে এই সুপারট্যাংকারটি, যা মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বলে দাবি করা হচ্ছে, বুধবার (১৫ এপ্রিল) সকালে ইরানের জলসীমায় প্রবেশ করে। এটি চলমান অবরোধ পরিস্থিতির মধ্যেও বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের প্রতিক্রিয়ায় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি পুনর্ব্যক্ত করেছেন, ইরানের ৮ হাজার কিলোমিটারেরও বেশি স্থল ও সমুদ্র সীমান্ত থাকায় কোনো অবরোধ কার্যকরভাবে দেশটিকে থামাতে পারবে না।
তিনি আরও বলেন, অবরোধের প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাগুলো সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চলসহ বিভিন্ন অর্থনৈতিক কাঠামো ব্যবহার করে আমদানি ও রপ্তানি কার্যক্রম সচল রাখার উদ্যোগ রয়েছে।
ইরানের বাণিজ্যের একটি বড় অংশ দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মাধ্যমে পরিচালিত হওয়ায় এসব এলাকায় নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সামরিক বাহিনীও জানিয়েছে, উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আলজাজিরা