ইরানকে জোরপূর্বক আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানি জাতি কখনোই এমন চাপ বা বাধ্যবাধকতা মেনে নেবে না এবং এ ধরনের কৌশল বাস্তবায়নযোগ্য নয়।
তেহরানে জরুরি সেবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে চাপ প্রয়োগের মাধ্যমে কোনো সমাধান চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা কার্যকর হবে না। তার ভাষায়, এই ধরনের পন্থা শুধু ব্যর্থতার দিকেই নিয়ে যাবে।
তিনি আরও স্পষ্ট করেন, ইরান কোনোভাবেই যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না এবং বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তোলার পক্ষেও নয়। বরং দেশটি সবসময় শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
পেজেশকিয়ানের মতে, ইরান ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা খুব শিগগিরই, সম্ভবত দুই দিনের মধ্যেই, পুনরায় শুরু হতে পারে। যদিও এই সম্ভাবনা নিয়ে তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: বিবিসি
যুদ্ধ নয় আলোচনা চায় ইরান: পেজেশকিয়ান
হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন বিধ্বস্ত
যুদ্ধ উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রাজা চার্লস