দুবাইয়ে গ্রেপ্তার প্রভাবশালী মাদক সম্রাট ‘ড্যানিয়েল কিনাহান’

বিশ্বের অন্যতম প্রভাবশালী মাদক সম্রাট এবং কুখ্যাত ‘কিনাহান কার্টেল’-এর শীর্ষ নেতা ড্যানিয়েল কিনাহানকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপের অন্তত চারটি দেশে ২০টিরও বেশি হত্যাকাণ্ডের সাথে জড়িত এই মাফিয়া ডনকে ধরতে দীর্ঘদিনের আন্তর্জাতিক প্রচেষ্টার পর একে এক বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

দুবাই সরকারের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়েছে।

আয়ারল্যান্ডের একটি আদালত আন্তর্জাতিক সংগঠিত অপরাধ নেটওয়ার্কে কিনাহানের সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই পরোয়ানার ভিত্তিতে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পাদিত নতুন প্রত্যর্পণ চুক্তির (Extradition Treaty) আওতায় গত ১৫ এপ্রিল তাকে আটক করা হয়। আইরিশ পুলিশ জানিয়েছে, আন্তঃরাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত সহযোগিতার মাধ্যমেই এই অপারেশন সফল হয়েছে।

২০১৬ সালে ডাবলিনের রিজেন্সি হোটেলে এক ভয়াবহ গুপ্তহত্যা চেষ্টার পর প্রাণ বাঁচাতে আয়ারল্যান্ড ছেড়ে দুবাইয়ে পাড়ি জমান কিনাহান। দীর্ঘ এক দশক ধরে দুবাইকে নিরাপদ স্বর্গ হিসেবে ব্যবহার করে তিনি মার্কিন ও ইউরোপীয় গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে আসছিলেন। দুবাইয়ে অবস্থানকালে তিনি তার স্ত্রীর সাথে মিলে কয়েক মিলিয়ন ডলারের সম্পদের পাহাড় গড়ে তোলেন।

আমিরাতের করপোরেট রেকর্ড অনুযায়ী, কিনাহান ও তার ভাই সেখানে খাদ্য, পোশাক ও বস্ত্র ব্যবসার আড়ালে একাধিক ‘ফ্রন্ট কোম্পানি’ পরিচালনা করতেন। তবে তার আয়ের একটি বড় অংশ আসত বক্সিং জগত থেকে। বিশ্বখ্যাত বক্সার টাইসন ফুরির ডিলমেকার হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন বক্সিং প্রমোশন কোম্পানি থেকে তিনি কোটি কোটি টাকা হাতিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, কিনাহান একটি ‘সুপার কার্টেল’ গড়ে তুলেছিলেন, যা ইউরোপের মোট কোকেন ব্যবসার প্রায় এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করত। এই ব্যবসার বার্ষিক বাজারমূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার। ২০১৭ সালে বুর্জ আল-আরব হোটেলে তার জমকালো বিয়েতে বিশ্বের বড় বড় সব অপরাধী চক্রের হোতারা উপস্থিত হয়েছিলেন।

২০২৪ সালের অক্টোবরে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই কিনাহানকে আয়ারল্যান্ডে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া জোরদার হয়। এর আগে তার অন্যতম সহযোগী শন ম্যাকগভর্নকেও দুবাই থেকে আয়ারল্যান্ডে ফেরত পাঠানো হয়েছিল।

আয়ারল্যান্ডের বিচার ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী জিম ও’ক্যালাঘান এই গ্রেফতারকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি নিরলস প্রচেষ্টার ফল। আইরিশ কর্তৃপক্ষ এখন দ্রুততম সময়ের মধ্যে কিনাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেছে।’

সূত্র: আইসিআইজে।