কাজের অতিরিক্ত চাপ ও ঝামেলা এড়াতে নিখোঁজের একাধিক মামলা তদন্ত না করেই ভুয়া তথ্য দিয়ে ফাইল বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার এক পুলিশ কর্মকর্তা।
অভিযুক্ত ওই কর্মকর্তার নাম বু। দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ জেজুতে দায়িত্ব পালনকালে নিখোঁজদের পরিবারের কাছে মিথ্যা তথ্য বলে ও নথিপত্র জাল করে মামলা বন্ধ করার অভিযোগে সম্প্রতি তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনা প্রকাশ্যে আসার পর তুমুল জনরোষের মুখে পুলিশ বিলম্বে পুনরায় তদন্ত শুরু করে এবং গত কয়েক সপ্তাহে দ্বীপটি থেকে অন্তত চারজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়ুং পুরো পুলিশ বাহিনীতে ব্যাপক সংস্কারের অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেজু প্রাদেশিক পুলিশ জানিয়েছে, পুলিশ কর্মকর্তা বু-এর বিরুদ্ধে সরকারি রেকর্ড বিকৃতি, দায়িত্বে অবহেলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো মারাত্মক অভিযোগ আনা হয়েছে।
পুলিশের তদন্তে অভিযুক্ত কর্মকর্তা বু স্বীকার করে বলেন, নিখোঁজ হওয়া ব্যক্তিরা সাধারণ বয়স্ক মানুষ হওয়ায় আমি বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলাম। কেসটি বন্ধ না করলে অনেক ঝামেলার কাজ করতে হতো। পরবর্তীতে দায়িত্ব হস্তান্তরের যে মানসিক চাপ তৈরি হয়, তা এড়াতেই আমি মিথ্যা তথ্য দিয়ে ফাইলগুলো বন্ধ করে দিই।
অভিযুক্ত কর্মকর্তা যে মামলাগুলো মিথ্যাভাবে বন্ধ করেছিলেন, তার মধ্যে ছিল গত মে মাসে নিখোঁজ হওয়া ৩৭ বছর বয়সী জাং মি-রান নামের এক নারী। বু ওই নারীর প্রেমিকের কাছে দাবি করেছিলেন যে তিনি তরুণীর সঙ্গে কথা বলেছেন এবং তরুণী পুলিশের সঙ্গে বা প্রেমিকের সঙ্গে আর যোগাযোগ করতে চান না। পরবর্তীতে প্রমাণিত হয়, কর্মকর্তা বু সম্পূর্ণ মনগড়া মিথ্যা তথ্য সাজিয়েছিলেন। শুধু তাই নয়, সিস্টেমের ভেতরে ওই নারী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে ভুয়া এন্ট্রি দিয়ে মামলা বন্ধ করে দেন তিনি। গত সপ্তাহে জেজু দ্বীপের একটি তালগাছ বাগানের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
একইভাবে ৬০ বছর বয়সী অপর এক ব্যক্তির ক্ষেত্রেও একই নাটক সাজান তিনি, যার লাশও চলতি মাসের শুরুর দিকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অভিযুক্ত কর্মকর্তা অন্তত ২৫টি নিখোঁজ মামলা এভাবে তদন্ত না করেই জালিয়াতির মাধ্যমে বন্ধ করে দিয়েছেন।
সূত্র: বিবিসি
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি নারী বন্দিদের দমন-পীড়ন
নেতানিয়াহুর সরকারকে আর একটি পয়সাও নয়: মার্কিন সিনেটর