মসজিদ পোড়ানোর দায়ে ইরানে ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর সঙ্গে সম্পৃক্ত একটি নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আমির আলী মিরজাফারি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে এই দণ্ড কার্যকর করা হয়।

ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা ‘মিজান অনলাইন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আমির আলী মিরজাফারি তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। গত জানুয়ারিতে দেশজুড়ে চলা সরকারবিরোধী বিক্ষোভের সময় তিনি এই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও রিয়ালের রেকর্ড দরপতনের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ (HRANA)-এর দাবি অনুযায়ী, এই বিক্ষোভ চলাকালীন সংঘাত ও দমনে প্রায় ৬ হাজার ৪৮৮ জন নিহত হয়েছেন এবং গ্রেফতার করা হয়েছে ২২ হাজারেরও বেশি মানুষকে। ইরান সরকার এই অস্থিরতার পেছনে ইসরায়েলসহ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর মদদ রয়েছে বলে দাবি করে আসছে। সূত্র: রয়টার্স