ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে আক্রমণের কোন ‌‘সীমা’ থাকবে না: সেনাপ্রধান

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে ওয়াশিংটনের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে ‘কোনো সীমা ছাড়াই’ লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদোল্লাহি। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র সরাসরি কিংবা ইসরায়েলের প্ররোচনায় ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও তেহরান পাল্টা ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে না ইরান। নির্বাচনের সময় বা ফলাফল যা-ই হোক না কেন, ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ নেওয়া হলে দেশটির স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।

ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে বলেও সতর্ক করেন আবদোল্লাহি। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু হলে তার আগুন সবাইকে গ্রাস করবে।’

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাদের উপস্থিতির সমালোচনা করেন। তাঁর অভিযোগ, এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক সমস্যার অন্যতম কারণ।

আবদোল্লাহির বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের কঠোর সামরিক অবস্থানের বিষয়টি আবারও উঠে এসেছে। বিশেষ করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা এবং নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যে তাঁর এই হুঁশিয়ারি সামনে এল।

তবে কোন কোন মার্কিন স্থাপনা বা স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত