আরব দেশগুলোর তেল স্থাপনায় হামলার হুমকি আইআরজিসির

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করে বলেছেন, উপসাগরীয় কোনো দেশ যদি তাদের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার সুযোগ করে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ব্যবস্থাকেই বিদায় জানাতে প্রস্তুত থাকতে হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়, ইসলামিক রেভলুশ্যনারি গার্ড কোর–এর অ্যারোস্পেস শাখার এই কমান্ডার ইঙ্গিত দেন, অতীতেও কিছু পারস্য উপসাগরীয় দেশ ইরানের শত্রুদের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছিল, এবং সেই ধারা অব্যাহত থাকলে তার পরিণতি হবে অত্যন্ত গুরুতর।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির প্রধান ভিত্তিতে তেল উৎপাদন ও রপ্তানি,গভীর ঝুঁকির মুখে পড়বে, যা পুরো অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতাকেই নড়বড়ে করে দিতে পারে।

একই সঙ্গে ওই কমান্ডার ঘোষণা করেন, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা এখন আর কেবল সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নেই; বরং তা সম্প্রসারিত হয়ে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র ও শোধনাগারগুলোকেও অন্তর্ভুক্ত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, এই তালিকায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার এবং বাহরাইনের নির্দিষ্ট তেল স্থাপনার কথাও উল্লেখ করা হয়েছে, যা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

উল্লেখ্য, উপসাগরীয় এসব দেশের অনেকগুলোই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, ফলে এই হুমকিকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার দিকে মোড় নিতে পারে। সূত্র: সিএনএন