হরমুজ প্রণালিতে ৩ জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অন্তত ৩টি জাহাজ জব্দ করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে।

ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের ওপর আরোপিত নৌ-অবরোধ অব্যাহত থাকলে এই নৌপথ কার্যত বন্ধই থাকবে।

আইআরজিসি-র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আটক করা ৩টি জাহাজের মধ্যে দুটি হলো-‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘ইপামিনোন্দাস’।

তেহরানের দাবি, এই জাহাজগুলো ‘শত্রুপক্ষের’ সঙ্গে সংশ্লিষ্ট এবং কোনো ধরণের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ইরানি জলসীমায় চলাচল করছিল। এছাড়া জাহাজগুলো তাদের নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরান এর আগেই ঘোষণা করেছিল যে, এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে যেকোনো জাহাজ চলাচলের জন্য তাদের পূর্বানুমতি নিতে হবে এবং তারা নিজস্ব নৌপথ নির্ধারণ করে দিয়েছে।

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের জাহাজের ওপর অবৈধ অবরোধ আরোপ করেছে। এরই প্রেক্ষিতে তেহরান হরমুজ প্রণালিতে কঠোর অবস্থান নিয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে তেহরান ওয়াশিংটনকে একটি কঠোর বার্তা দিলো যে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সূত্র: আল-জাজিরা