লেবাননে হিজবুল্লাহ সদস্যদের হামলায় গুরুতর আহত আরও এক ফরাসি শান্তিরক্ষী মারা গেছেন। বুধবার (২২ এপ্রিল) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আনুষ্ঠানিকভাবে ওই সেনাসদস্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, নিহত সেনার নাম করপোরাল আনিসে জিরাদা। তাকে গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার ফ্রান্সে ফিরিয়ে আনা হয়েছিল, তবে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত শনিবার দক্ষিণ লেবাননে ইউনিফিল মিশনে দায়িত্ব পালনকালে আরেক ফরাসি শান্তিরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই হামলায় আরও দু’জন শান্তিরক্ষী আহত হয়েছিলেন। ফরাসি প্রেসিডেন্ট এই হামলার জন্য সরাসরি হিজবুল্লাহকে দায়ী করেছেন। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার দাবি অস্বীকার করেছে।
ম্যাক্রোঁ বর্তমান পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে পূর্ণ সমর্থন দিলেও চলমান সামরিক অভিযান বন্ধ না হওয়ায় এই প্রক্রিয়া অকার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগ করার এবং ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
লেবানন সীমান্তে ক্রমবর্ধমান এই সহিংসতা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, শান্তিরক্ষীদের ওপর এ ধরণের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।