লেবাননে হামলায় ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১০:৫১ এএম

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে এক ভয়াবহ হামলায় এক শান্তিরক্ষী নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, হতাহত চারজনই তাদের দেশের নাগরিক।

সোমবার (৩০ মার্চ) জাকার্তায় এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়।

ইন্দোনেশীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, দক্ষিণ লেবাননের ‘আদচিত আল কুসাইর’ এলাকায় ইন্দোনেশীয় ইউনিফিল কন্টিনজেন্টের অবস্থানের খুব কাছে একটি শক্তিশালী কামানের গোলা আঘাত হানে। এতে ঘটনাস্থলেই একজন শান্তিরক্ষী প্রাণ হারান এবং আরও তিনজন আহত হন। মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত শান্তিরক্ষীর স্মরণে গভীর শোক প্রকাশ করেছে এবং এই ঘটনার একটি ‘পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ’ তদন্তের দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘ শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষাকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শান্তিরক্ষীদের ওপর কোনো ধরণের আঘাত গ্রহণযোগ্য নয় এবং এটি বিশ্বশান্তি রক্ষার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।’

বিবৃতিতে জাকার্তা লেবাননে ইসরায়েলি আগ্রাসনেরও কঠোর সমালোচনা করেছে। একই সঙ্গে সকল পক্ষকে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া।

উল্লেখ্য, দক্ষিণ লেবাননে ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার সীমান্ত সংঘাত পর্যবেক্ষণ করতে ইউনিফিল বাহিনী মোতায়েন রয়েছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় ইসরায়েলি স্থল অভিযান ও কামানের গোলাবর্ষণের ফলে শান্তিরক্ষীদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

NB/
আরও পড়ুন
সর্বশেষপঠিত