হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে

বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ থেকে সামুদ্রিক মাইন অপসারণ করে তা পুরোপুরি সচল করতে অন্তত ছয় মাস সময় প্রয়োজন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের ‘হাউস আর্মড সার্ভিসেস কমিটি’র এক রুদ্ধদ্বার বৈঠকে প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এবং বার্তা সংস্থা এপি এই খবর নিশ্চিত করেছে।

পেন্টাগনের এই ব্রিফিংয়ের পর মার্কিন আইনপ্রণেতারা সন্তুষ্ট হওয়ার বদলে উল্টো আরও গভীর উদ্বেগে পড়েছেন। কমিটির সদস্যরা অভিযোগ করেছেন যে- ইরানের সাথে চলমান এই যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য, রণকৌশল এবং প্রতিদিনের বিপুল ব্যয় নিয়ে পেন্টাগন কোনো স্পষ্ট ধারণা দিতে পারছে না। কর্মকর্তাদের কাছে এ বিষয়ে করা অধিকাংশ প্রশ্নেরই কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানা গেছে।

বৈঠকে যুদ্ধের শুরুতে ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি অত্যন্ত জোরালোভাবে আলোচিত হয়। ওই ভয়াবহ হামলায় অন্তত ১৬৫ জন নিহত হয়েছিল, যাদের বড় একটি অংশই ছিল সাধারণ স্কুলছাত্রী। এই বিপুল সংখ্যক শিশুর অকাল মৃত্যুর দায় এবং এই হামলার প্রয়োজনীয়তা নিয়ে কর্মকর্তাদের কঠোর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

হরমুজ প্রণালি হলো বিশ্বের জ্বালানি তেল পরিবহনের প্রধান ধমনী। বর্তমানে ইরান এই পথে অসংখ্য মাইন পুঁতে রাখায় আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। পেন্টাগনের দেওয়া এই ‘ছয় মাস’ সময়সীমার অর্থ হলো- আগামী দীর্ঘ সময় তেলের বাজারে অস্থিরতা বজায় থাকবে এবং জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা আরও ঘনীভূত হবে।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি নিয়ে এই অনিশ্চয়তা কেবল আমেরিকা নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ মন্দার দিকে ঠেলে দিতে পারে।