ইরানের রাজধানী তেহরানের আকাশে রহস্যময় ‘শত্রু লক্ষ্যবস্তু’ শনাক্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আকাশে সন্দেহভাজন লক্ষ্যবস্তু প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যাটারিগুলো থেকে গোলাবর্ষণ ও ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানায়, রাজধানীর আকাশসীমায় অনুপ্রবেশকারী লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পরপরই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কাজ শুরু করে। নূর নিউজও নিশ্চিত করেছে যে, তেহরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সক্রিয় অবস্থায় দেখা গেছে। তবে আকাশে ঠিক কী ধরনের বস্তু দেখা গিয়েছিল তা ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র সে সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এমন থমথমে পরিস্থিতির মধ্যেই তেহরানের আকাশে এই প্রতিহত করার ঘটনাটি ঘটল।
সূত্র: মিডল ইস্ট আই