মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র ‘ওয়াশিংটন পোস্ট’-এর সাবেক খ্যাতনামা সম্পাদক ও তিনবার পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক ড্যান এগেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল) ওয়াশিংটনে তার নিজ বাসভবন থেকে ৬০ বছর বয়সী এই সাংবাদিকের মৃতদেহ উদ্ধার করা হয়।
ড্যান এগেনের সাবেক স্ত্রী স্টিফানি আর্মারের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তার মৃত্যুর পেছনে কোনো সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
ড্যান এগেন দীর্ঘ তিন দশক ওয়াশিংটন পোস্টের হয়ে হোয়াইট হাউস, কংগ্রেস এবং রাষ্ট্রপতি নির্বাচনসহ জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ কভার করেছেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য হলো সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান ‘পুলিৎজার’ জয়ী তিনটি বিশেষ প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। তিনি ২০০২ সালে ৯/১১ হামলার নেপথ্য ষড়যন্ত্রকারীদের নিয়ে করা তদন্তে পুলিৎজার জয়ী দলের সদস্য ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ২০২১ সালে ইউএস ক্যাপিটলে আক্রমণের ঘটনা অনুসন্ধানেও তিনি অসামান্য অবদান রেখেছিলেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে ওয়াশিংটন পোস্টে যোগ দেওয়া এগেন গত ফেব্রুয়ারিতে সংবাদমাধ্যমটি থেকে ছাঁটাই হওয়া শতাধিক সাংবাদিকদের মধ্যে একজন ছিলেন। তবে পেশার প্রতি প্রতিশ্রুতিশীল এই সাংবাদিক বসে থাকেননি; তিনি ‘নোটাস’ (দ্য স্টার) নামে একটি নতুন সংবাদ সংস্থায় যোগ দেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ছিলেন। তার এই আকস্মিক প্রয়াণে মার্কিন সাংবাদিকতা মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ইরান-যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় ফিরবে: শাহবাজ শরিফ