মিত্র দেশগুলোর জন্য যে সুখব দিলো ইরান

বিশ্বের অন্যতম সংকীর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ রাষ্ট্রগুলোর জন্য আরও সুখবর দিল ইরান। এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে যে টোল আদায়ের কথা জানিয়েছিল তেহরান, মিত্র দেশগুলোর জন্য তা মওকুফ করেছে। ফলে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের মিত্র দেশগুলোকে টোল দিতে হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মস্কোকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে বলেন, আমরা কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না। রাষ্ট্রদূত আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এ বিশেষ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে। এর একটি উদাহরণ হলো রাশিয়া।

এর আগে মার্চের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অনেক দেশ ও জাহাজ মালিক নিরাপদে প্রণালী পার হওয়ার জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। যেসব দেশকে ইরান বন্ধু মনে করে বা বিশেষ অনুমতি দেয়, তাদের জন্য সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচল নিশ্চিত করছে।

সে সময় আরাগচি ইরানের বন্ধুদেশ হিসেবে বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উল্লেখ করেছিলেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। ওয়াশিংটন বারবার এই প্রণালি খুলে দিতে তেহরানের ওপর বলপ্রয়োগ করেছে, কিন্তু ইরান তাতে নতি স্বীকার করেনি। পরে ইরানকে ঘায়েল করতে তাদের উপকূলীয় বন্দরে আসা-যাওয়া করা সব জাহাজের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।