যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পর হরমুজ প্রণালীতে মাইন অপসারণ কার্যক্রমে অংশ নিতে পারে তুরস্ক, এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই ধরনের মাইন অপসারণ কার্যক্রম বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত একটি প্রযুক্তিগত দলের মাধ্যমে পরিচালিত হবে। সেই প্রক্রিয়ায় অংশ নিতে তুরস্কের 'কোনো সমস্যা নেই' বলেও উল্লেখ করেন তিনি।
তবে ফিদান সতর্ক করে দেন, ভবিষ্যতে যদি এই ধরনের কোনো বহুজাতিক প্রযুক্তিগত জোট সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তুরস্ক তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে। তিনি আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান জটিলতার সমাধান পাকিস্তানে সম্ভাব্য পরবর্তী দফার আলোচনায় খোঁজা হতে পারে।
শান্তি চুক্তির পরবর্তী পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও নৌ চলাচল স্বাভাবিক রাখতে তুরস্ক একটি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়ার প্রস্তুতি রাখছে, তবে সংঘাতের ঝুঁকি বাড়লে অবস্থান বদলের ইঙ্গিতও দিচ্ছে। সূত্র: আলজাজিরা