পাকিস্তান সফরকে ঘিরে যে জল্পনা, বিশ্লেষণ ও নানা ধরনের ব্যাখ্যা তৈরি হচ্ছিল, বিশেষ করে পারমাণবিক আলোচনার সম্ভাবনা নিয়ে তা একেবারেই নাকচ করে দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি'র ইসলামাবাদ সফরের সঙ্গে কোনোভাবেই পারমাণবিক আলোচনার সম্পর্ক নেই।
তেহরানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আজিজি জোর দিয়ে বলেন, আরাঘচির এই সফরের উদ্দেশ্য একেবারেই সীমাবদ্ধ এবং নির্দিষ্ট, তা হলো দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা। এর বাইরে অন্য কোনো সংবেদনশীল বা কৌশলগত ইস্যু, বিশেষ করে পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনা এ সফরের অংশ নয় বলেই তিনি পরিষ্কার করেন।
তিনি আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কার্যক্রমের বিষয়টি এমন একটি ক্ষেত্র, যা তাদের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, এটি ইরানের জন্য একটি 'রেড লাইন', এই রেড লাইনের বাইরে গিয়ে আলোচনা বা সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না।
উল্লেখ্য, আজিজি নিজেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার হওয়ায় তার এই বক্তব্য কেবল একটি আনুষ্ঠানিক অবস্থান নয়, বরং ইরানের নিরাপত্তা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবেই বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে এবং তারা স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যতে কোনো চূড়ান্ত শান্তি চুক্তি হলে সেখানে এই ইস্যুটি অন্তর্ভুক্ত থাকা অপরিহার্য বলে তারা মনে করে। সূত্র: বিবিসি
দুই মাস পর খুললো ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর
ইরানে আইআরজিসির বড় অভিযান, গ্রেফতার ২৪০
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসছে না ইরান