মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ভেঙে ইরানের ৫২টি জাহাজ দেশটির জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত আগের তিন দিনের স্যাটেলাইট ট্র্যাকিং বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। এই সময়ের মধ্যে মোট ৫২টি জাহাজ শনাক্ত করা হয়, যার মধ্যে ৩১টি তেলবাহী ট্যাংকার এবং ২১টি পণ্যবাহী কার্গো জাহাজ।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হয় বলে দাবি করা হয়। পরবর্তীতে ২ মার্চ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা দেয়, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
চাপা উত্তেজনার মধ্যেই ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের আলোচনায় চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। এরপর ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে, যা ইরানের আলোচনার নতুন প্রস্তাব না আসা পর্যন্ত বহাল থাকবে। সূত্র: মিডল ইস্ট মনিটর