ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ভয়াবহতার মধ্যে খোররামশাহর বন্দরে আটকে পড়া ভারতীয় নাবিকদের একটি দল গত শুক্রবার মুম্বাইয়ে ফিরেছে। দেশে ফিরে তারা যুদ্ধের বিভীষিকা এবং মানবেতর জীবনের বর্ণনা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই (ANI)।
হরিয়ানার বাসিন্দা রবি নামের এক নাবিক জানান, ইন্টারনেটের অভাবে তারা বুঝতেই পারেননি যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি বলেন, আমরা জানতামই না যুদ্ধ চলছে। একদিন হঠাৎ মাথার ওপর দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখলাম, তখন পরিস্থিতি বুঝতে পারি।
ভারতের উত্তরপ্রদেশের আরেক নাবিক অনিল সিং চৌহান জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আমরা কোনোমতে প্রাণ নিয়ে ফিরেছি। অনবরত ক্ষেপণাস্ত্র হামলার শব্দে ঘুমানো অসম্ভব হয়ে পড়েছিল। অন্য দেশের নাবিকরা চলে গেলেও আমরা তিনজন ভারতীয় সেখানে আটকা পড়েছিলাম।
এদিকে ফরওয়ার্ড সিমেন’স ইউনিয়ন অব ইন্ডিয়া (FSUI) এখন ওই অঞ্চলে আটকে থাকা বাকি ভারতীয় নাবিকদের উদ্ধারে দিল্লির ওপর চাপ বাড়াচ্ছে। ইউনিয়নের সাধারণ সম্পাদক মনোজ কুমার যাদব পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, যুদ্ধের ডামাডোলে অনেক নাবিক আর্থিক সংকটের মুখে পড়েছেন।
জানা গেছে, বিশ্বে নাবিক সরবরাহকারী শীর্ষ তিন দেশের মধ্যে ভারত অন্যতম। যাদের প্রায় ৩ লাখেরও বেশি কর্মী এই পেশায় নিয়োজিত। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২,৬৮০ জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে এই যুদ্ধে এখন পর্যন্ত তিন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন এবং গত ১৮ এপ্রিল হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে আইআরজিসি (IRGC) গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে। সূত্র: আলজাজিরা