দক্ষিণ লেবানন এলাকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে, যা ঘিরে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিয়থ আহরনথ (Yedioth Ahronoth) এক রিজার্ভ সেনার বরাত দিয়ে জানায়, সীমান্তবর্তী এলাকায় একাধিক রিজার্ভ ইউনিটের মধ্যে এমন ঘটনা দেখা গেছে যেখানে সৈন্যরা বিভিন্ন জিনিসপত্র নিজেদের দখলে নিয়েছে।
সেই সেনার ভাষ্য অনুযায়ী, 'আমরা অনেক রিজার্ভ ইউনিটের মুখোমুখি হয়েছি। তারা যা পেয়েছে সবই নিয়ে নিয়েছে, অস্ত্র, স্মারক, গহনা, কম্বল, এমনকি ছবি পর্যন্ত।'
আরেকটি ঘটনায় অভিযোগ করা হয়েছে, একজন ইসরায়েলি কমান্ডার নিজ সেনাদের লুট করা সামগ্রী ইসরায়েলে নিয়ে যেতে বাধা দেন। বিষয়টি সেনা শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-ও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়, যুদ্ধ চলাকালে ফাঁকা হয়ে যাওয়া বাড়িঘর ও দোকান থেকে ব্যক্তিগত সম্পদ লুটের ঘটনা ঘটেছে। গাজা যুদ্ধকালেও একই ধরনের অভিযোগ আগেও উঠেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির এক সপ্তাহ আগে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি সেনাদের আচরণ ও শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন এবং লুটপাটের বিরুদ্ধে শূন্য সহনশীলতার বার্তা দেন। সূত্র: আলজাজিরা