দক্ষিণ লেবাননের আরও চার এলাকায় ইসরায়েলের উচ্ছেদ হুঁশিয়ারি

দক্ষিণ লেবাননের চারটি গুরুত্বপূর্ণ এলাকার বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার হুমকি দিয়ে জারী করা এই নির্দেশনার ফলে ওই অঞ্চলের হাজার হাজার বেসামরিক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচাই আদ্রায়ি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে এই উচ্ছেদ বার্তা প্রদান করেন। নির্দেশনায় বলা হয়েছে, দক্ষিণ লেবাননের কানা (Qana), দেবাল (Debaal), কাকাইত আল-জিসর (Qaaqaait al-Jisr) এবং সরিফা (Srifa) পৌরসভার বাসিন্দাদের দ্রুত তাদের এলাকা ত্যাগ করতে হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বাস্তুচ্যুত বাসিন্দাদের অবশ্যই তাদের গ্রাম ও শহর থেকে কমপক্ষে ১,০০০ মিটার দূরে কোনো খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই এলাকায় সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে এই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই এমন গণ-উচ্ছেদ ও হামলার হুমকি লেবাননের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, বারবার উচ্ছেদ আদেশের ফলে লেবাননের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে, যা দেশটিতে একটি বড় ধরনের মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। সূত্র: আলজাজিরা