ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর মর্টার হামলা

দক্ষিণ লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাদলকে লক্ষ্য করে গত কয়েক ঘণ্টায় দুবার মর্টার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, তাদের সেনারা দক্ষিণ লেবাননের অভ্যন্তরে অবস্থান করার সময় হিজবুল্লাহর মর্টার আক্রমণের শিকার হয়। তবে এই জোড়া হামলায় তাদের বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি বলে দাবি করেছে তেল আবিব।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের সমান্তরালে লেবানন সীমান্তেও উত্তেজনা ক্রমে বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীতে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু হওয়ার পর ইরানপন্থী গোষ্ঠীগুলো তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। হিজবুল্লাহর এই মর্টার হামলা মূলত ইসরায়েলকে চাপে রাখার একটি কৌশল হতে পারে।

এদিকে, গত কয়েকদিন ধরেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হিজবুল্লাহর পক্ষ থেকে এই মর্টার হামলাকে সেই আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে ওই অঞ্চলে নতুন করে বড় ধরনের স্থল যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা