ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে থাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের সর্বশেষ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার কথাও জানিয়েছে তারা।
আল জাজিরার বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানায়, দেশটির এক সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল পরিস্থিতির অবনতি দেখে বিস্মিত নয়। তাদের মতে, যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো মেনে নেওয়ার অবস্থায় নেই ইরান।
ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আগের দুই দিনের মতোই সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে আক্রমণ কিংবা প্রতিরক্ষা, উভয় ধরনের সামরিক পদক্ষেপ নিতেই বাহিনী প্রস্তুত।
তিনি আরও বলেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে গত রাতের সামরিক অভিযানও পরিচালনা করেছে ওয়াশিংটন। ফলে বর্তমান পরিস্থিতিতে আলোচনার পাশাপাশি সামরিক পদক্ষেপ, দুই ক্ষেত্রেই নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কূটনৈতিক তৎপরতা চললেও সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। সুত্র: ডন
ইসরায়েল সফর স্থগিত করলেন হেগসেথ
ইরানের হামলায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হচ্ছে: জিসিসি
ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় এরদোয়ানের সাধুবাদ