দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় ৪ ইসরায়েলি সেনা আহত

দক্ষিণ লেবাননে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন (Explosive drone) হামলায় চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে এই তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।

ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী আহত চার সেনার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর ও বাকি তিন সেনা সদস্য সামান্য আহত হয়েছেন।

আহত সেনাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইতোমধ্যে তাদের পরিবারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলে সামরিক বিবৃতিতে জানানো হয়েছে।

এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন লেবানন সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনার প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে নতুন করে অভিযান জোরদার করার ইঙ্গিত দিয়েছে। সূত্র: আলজাজিরা