ভারতের জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে কুলগাম জেলার মীরবাজারের কাছে আখরান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সিআরপিএফের এক বিবৃতিতে জানানো হয়, দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত তিন সদস্যকে চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সদস্যরা হলেন- রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু ও সোমবীর সিং। তাদের মধ্যে রাকেশ দাসের বাম পায়ে, সন্তোষ চন্দ্রুর পেট ও মেরুদণ্ডে এবং সোমবীর সিংয়ের বাম হাতে গুলি লেগেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আহত তিনজনের অবস্থাই বর্তমানে আশঙ্কামুক্ত।
এদিকে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও বুধবার কুলগামে অবস্থান করছিলেন। তবে হামলার সময় তিনি ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না। কুলগামের সরকারি ডিগ্রি কলেজে তিন দিনব্যাপী ভেশো উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল।
সূত্র: এনডিটিভি
ইয়েমেনের তাইজে হামে ২৬ জনের মৃত্যু