ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান রক্তক্ষয়ী সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের পাঠানো সাম্প্রতিক যুদ্ধ বিরতির প্রস্তাবটি ইরান অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
শুক্রবার (৮ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক প্রস্তাবটি বর্তমানে ইরান সরকারের উচ্চপর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে। আমরা এই প্রস্তাবের প্রতিটি দিক নিবিড়ভাবে বিশ্লেষণ করছি এবং যথাযথ আলোচনার পর তেহরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।’ তবে এই প্রস্তাবে ঠিক কী কী শর্ত রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
শান্তি আলোচনার আবহের মধ্যেই গত রাতে মার্কিন বাহিনীর সঙ্গে ইরানি সেনাদের বড় ধরণের সামরিক সংঘাত ঘটে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাঘাই বলেন, ‘ওয়াশিংটন একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উস্কানিমূলক হামলা চালাচ্ছে। এটি বৈশ্বিক আইন কাঠামোর চরম অবমাননা।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ইরানকে রক্ষার সংকল্প পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আলোচনার পথ খোলা থাকলেও যেকোনো ধরণের আগ্রাসন বা হঠকারিতার দাঁতভাঙা জবাব দিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
মার্কিন প্রস্তাবটি একদিকে যেমন যুদ্ধের অবসানের আশা জাগিয়েছে, তেমনি গত রাতের হামলা ও বাঘাইয়ের কঠোর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে। শেষ পর্যন্ত ইরান এই প্রস্তাব গ্রহণ করবে না কি সংঘাত দীর্ঘস্থায়ী হবে, তা সময়ই বলে দেবে। সূত্র: আল জাজিরা ও তাসনিম নিউজ।