‘গাজায় ইয়েলো লাইন পেরিয়ে রেড লাইনের দিকে ইসরায়েল’

লেবানন ও গাজা সীমান্তে যুদ্ধবিরতির আলোচনা এবং প্রক্রিয়া চলমান থাকলেও গাজা উপত্যকায় নিজেদের দখলের পরিধি আরও বিস্তৃত করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই দাবি করেছেন যে, বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম জেরুজালেমের একটি ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু এই তথ্য জানান।

যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর গাজার নির্দিষ্ট কিছু এলাকা থেকে সরে যাওয়ার কথা ছিল। চুক্তি পরবর্তী সময়ে তারা গাজার প্রায় ৫৩ শতাংশ অংশ দখলে রেখেছিল এবং কথা ছিল তারা 'ইয়েলো লাইন' থেকে আরও পেছনে 'রেড লাইন' পর্যন্ত সরে যাবে। কিন্তু বাস্তবে ইসরায়েল উল্টো দখল বাড়িয়েছে ইসরায়েল। গাজায় ইয়েলো লাইন পেরিয়ে এখন রেড লাইনের দিকে ইসরায়েল।

ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) ভৌগোলিক তথ্য বিশ্লেষক লরি বুভিয়ে জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার জায়তুন এলাকার মতো নতুন নতুন স্থানে ‘ইয়েলো ব্লক’ চিহ্নিত করা হয়েছে। এটি স্পষ্টত নির্দেশ করে যে, ইসরায়েলি বাহিনী তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের সীমানা আরও বাড়াচ্ছে।

জেরুজালেম অ্যাপ্লাইড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক তাদ আইজ্যাক দাবি করেছেন, ইসরায়েলের প্রকৃত নিয়ন্ত্রণের পরিমাণ আরও বেশি হতে পারে। গত ৩০ এপ্রিলের তথ্য অনুযায়ী, ইসরায়েল গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তিনি সতর্ক করে বলেন,‘ইসরায়েলের মূল পরিকল্পনা হলো ফিলিস্তিনিদের যতটা সম্ভব ছোট এবং জনবসতিহীন একটি সংকীর্ণ এলাকায় ঠেলে দেওয়া। কারণ গাজার অবশিষ্ট অংশগুলোতে এখন আর বসবাসের মতো ন্যূনতম পরিবেশ অবশিষ্ট নেই।’