ইসরায়েলকে স্বীকৃতি নয় : মার্কিন হুমকি প্রত্যাখান মালয়েশিয়ার 

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৬:১৪ এএম

ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের কঠোর নীতিতে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া।

দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের ভূখণ্ডে কোনো ইসরায়েলি নাগরিককে অবস্থান করতে দেওয়া হবে না এবং তাদের বহিষ্কার অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালিদ নুরুদ্দিন জানান, ইসরায়েলিদের বিরুদ্ধে নেওয়া যেকোনো পদক্ষেপ কুয়ালালামপুরের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অংশ। 

তিনি জানান, জোহর রাজ্যের ফরেস্ট সিটির ‘নেটওয়ার্ক স্কুল’ নামক একটি কেন্দ্র থেকে ইসরায়েলিদের উপস্থিতি মুক্ত করতেই সাম্প্রতিক অভিযান পরিচালিত হয়।

এদিকে, অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে কিছু ইসরায়েলি মালয়েশিয়ায় প্রবেশ করেছে এমন খবরের পর মার্কিন প্রতিনিধি পরিষদে তোলপাড় শুরু হয়েছে। দেশটির আটজন কংগ্রেস সদস্য মালয়েশিয়ার সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার জন্য ওয়াশিংটনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মার্কিন আইনপ্রণেতারা হুমকি দিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে মালয়েশিয়া তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে (IMET) আর্থিক সহায়তা স্থগিত করা হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হুমকি ও অর্থনৈতিক চাপের বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

অন্যদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ইস্যুতে তাঁর সরকার একচুলও পিছু হটবে না। ফরেস্ট সিটির ওই ঘটনা নিয়ে ইতোমধ্যেই দেশটির নিরাপত্তা সংস্থাগুলো একটি গভীর তদন্ত শুরু করেছে এবং ইসরায়েলিদের পাওয়া গেলেই বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র:
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) ও পার্সটুডে (IRNA & Pars Today)।

HN
আরও পড়ুন