যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ইরান এখন আরও শক্তিশালী: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ ও সংঘাত ইরানকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। 

শুক্রবার (১৫ মে) জাতীয় ফার্সি ভাষা সংরক্ষণ দিবস এবং মহাকবি ফেরদৌসির স্মরণে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন,‘সাম্প্রতিক ‘পবিত্র প্রতিরোধে’ ইরান প্রমাণ করেছে যে ফেরদৌসির শাহনামার বীরত্বপূর্ণ গল্পগুলো শুধু কল্পনা নয়, বরং সেগুলো ইরানিদের জীবনের বাস্তবতা। এই লড়াই আমাদের বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন ঘটিয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ফেরদৌসির মহাকাব্যের চেতনা ইরানের সব জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছে এবং ‘জাহাকসদৃশ’ (অশুভ শক্তির প্রতীক) বিদেশি আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জুগিয়েছে।

এদিকে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে একই সুরে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রয়টার্সের বরাতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের বিন্দুমাত্র কোনো আস্থা বা বিশ্বাস নেই।

আরাঘচি ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন,‘ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে তখনই রাজি হবে, যখন মার্কিন প্রশাসন এই প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ আন্তরিক ও সিরিয়াস হবে। লোকদেখানো কোনো সংলাপে তেহরান অংশ নেবে না।’

বিদ্যমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, ইরান বর্তমানে যুদ্ধবিরতি বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। এর মূল উদ্দেশ্য হলো কূটনীতিকে টিকিয়ে রাখা এবং আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের সুযোগ দেওয়া। তবে তিনি সতর্ক করে দেন যে, ওয়াশিংটনের প্রতি আস্থার চরম ঘাটতি এই কূটনৈতিক প্রচেষ্টাকে বারবার বাধাগ্রস্ত করছে।