ইরানের অর্থনৈতিক সংকটে পাশে দাঁড়ালো কাজাখস্তান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের জেরে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। এমন কঠিন পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়িয়েছে কাজাখস্তান।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, কাজাখস্তান ইরানের জন্য মালবাহী ট্রেনের ৩০টি বগি ভর্তি বিশাল এক মানবিক সহায়তার চালান পাঠিয়েছে।

কাজাখস্তানের রাষ্ট্রপতির বিশেষ নির্দেশে পাঠানো এই সহায়তার চালানের মধ্যে রয়েছে মাংসের ক্যান, চিনি, ময়দা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ। ইরানের 'সারাখস' (Sarakhs) রেলওয়ে স্টেশনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই ত্রাণ সামগ্রীগুলো 'ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি'র কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে ইরানে নিযুক্ত কাজাখস্তানের রাষ্ট্রদূত ওনতালাপ ওনালবায়েভ বলেন, মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের মধ্যে ইরান হচ্ছে কাজাখস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক অংশীদার।

তিনি আরও যোগ করেন, বিপদের সময়ই প্রকৃত বন্ধু চেনা যায়।

এই মানবিক সাহায্য এমন এক সময়ে এলো যখন যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির কারণে ইরানের অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়েছে। ইরানের সরকারি পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাবে দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ৫৩.৭ শতাংশে গিয়ে ঠেকেছে। এর চেয়েও ভয়াবহ অবস্থা খাদ্যপণ্যের বাজারে, যেখানে গত বছরের তুলনায় খাদ্য সামগ্রীর দাম বেড়েছে ১১৫ শতাংশেরও বেশি।