ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার বিচার না হলে বিশ্বের কোনো দেশই নিরাপত্তার নিশ্চয়তা পাবে না বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তাঁর মতে, এই হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় না আনা হলে আন্তর্জাতিক আইন দুর্বল হয়ে পড়বে। ঝুঁকিতে পড়বে বিশ্বের প্রতিটি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা।
জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজে প্রকাশিত এক নিবন্ধে এসব কথা বলেন আরাগচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বলপ্রয়োগ নিষিদ্ধ করার আন্তর্জাতিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
তিনি আরও বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো অনুমোদন ছিল না। ভবিষ্যতে সম্ভাব্য হুমকির আশঙ্কা দেখিয়েও আত্মরক্ষার নামে এমন হামলার যথেষ্ট আইনি ভিত্তি তৈরি করা যায় না।
আরাগচির মতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পরিণতি শুধু ইরানের নিরাপত্তা কিংবা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়বে পুরো বিশ্বের ওপর।
তিনি বলেন, রাষ্ট্রগুলো যেন নিজেদের ইচ্ছামতো অন্য দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে না পারে, সে জন্যই আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরি হয়েছে। এই ব্যবস্থার গ্রহণযোগ্যতা এখন বড় পরীক্ষার মুখে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, আইনের পরিবর্তে শক্তির দাপট প্রতিষ্ঠিত হলে শুধু ইরান ক্ষতিগ্রস্ত হবে না; আন্তর্জাতিক আইনি ব্যবস্থার ভিত্তি এবং জাতিসংঘ সনদের কর্তৃত্বও হুমকির মুখে পড়বে।
তিনি সতর্ক করে বলেন, আগ্রাসী রাষ্ট্রগুলোকে জবাবদিহির আওতায় আনা না হলে কোনো দেশের নিরাপত্তাকেই নিশ্চিত বলে ধরে নেওয়া যাবে না।
আরাগচি জোর দিয়ে বলেন, অন্য দেশের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার বাধ্যবাধকতা আন্তর্জাতিক আইনের একটি সর্বজনীন নীতি। এটি সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য। শক্তিশালী রাষ্ট্র দুর্বল দেশের প্রতি কোনো অনুগ্রহ হিসেবে এই নীতি মেনে চলে না।
যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতি তিনটি দাবি তুলে ধরেছেন। প্রথমত, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে। তৃতীয়ত, বেআইনি ও অযৌক্তিক হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।
আরাগচির বক্তব্য, এগুলো রাজনৈতিক সদিচ্ছার বিষয় নয়; আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা।
ইরানের বিভিন্ন স্কুল, ক্রীড়া স্টেডিয়াম, বেসামরিক অবকাঠামো এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তদারকিতে থাকা পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টিও তুলে ধরেন তিনি।
তাঁর মতে, এসব হামলা আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে তদন্ত করা প্রয়োজন। সশস্ত্র সংঘাতে জড়িত পক্ষগুলোকে সামরিক লক্ষ্যবস্তু ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। একই সঙ্গে বেসামরিক মানুষের ওপর অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়, এমন হামলা থেকে বিরত থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি কমাতে প্রয়োজনীয় সব সতর্কতা নিতে হবে।
আরাগচি আরও বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সশস্ত্র হামলার জবাবে আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে।
হামলা, পাল্টা আঘাত ও যুদ্ধবিরতি
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রায় আট মাস আগে দেশটির ওপর বিনা উসকানিতে হামলা চালিয়েছিল তারা।
যুদ্ধ চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সামরিক কমান্ডারদের হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় নারী ও শিশুসহ হাজার হাজার বেসামরিক মানুষও প্রাণ হারান।
এর জবাবে ইরান দ্রুত পাল্টা হামলা শুরু করে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েল-অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হানে তেহরান।
ইরানের পাল্টা অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একপর্যায়ে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য হয় দুই পক্ষ।
এরপর জুনের মাঝামাঝি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ ও বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেন। এতে যুদ্ধের অবসান এবং ৬০ দিনের কূটনৈতিক প্রক্রিয়া শুরুর কথা ছিল।
তবে তেহরানের অভিযোগ, হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে হওয়া সমঝোতার শর্ত মানতে ব্যর্থ হয়ে ওয়াশিংটন চুক্তি লঙ্ঘন করেছে।
যুদ্ধের সময় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে আঞ্চলিক নৌ-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়। জ্বালানি পরিবহনেও তৈরি হয় বড় ধরনের সংকট।
ইরানের দাবি, এখনো হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত দাবিগুলো পূরণ না করা পর্যন্ত এই নৌপথ খুলে দেওয়ার অনুমতি দেবে না।
পরমাণু বোমা তৈরির দাবিটি ইরানের জনগণের: হাজি দেলিগানি
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ কর্মী বাড়িয়ে ৩০০ করবে ইরান
জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি বিশ্লেষণ করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান
ইরান যুদ্ধেই ভাঙছে ট্রাম্প-ভ্যান্সের রাজনৈতিক সমীকরণ
আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ইরান-উজবেকিস্তানের সমঝোতা