দক্ষিণ লেবাননে ইসরায়েলি তাণ্ডবে জনশূন্যের শঙ্কায় বাসিন্দারা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার মাত্রা বর্তমানে চরমে পৌঁছেছে, যার ফলে বিশাল এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিনের বিরামহীন হামলায় হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এটি কেবল সামরিক অভিযান নয়, বরং দক্ষিণ লেবাননকে জনশূন্য এবং বসবাসের অনুপযোগী করার একটি সুপরিকল্পিত কৌশল।

বর্তমানে দক্ষিণ লেবাননের ‘টির’ (Tyre) শহরটি বাস্তুচ্যুত মানুষের প্রধান আশ্রয়ে পরিণত হয়েছে। বৈরুতে নতুন করে আশ্রয় নেওয়ার মতো আর কোনো জায়গা না থাকায় নিরুপায় মানুষ এই অঞ্চলেই ভিড় করছেন। যুদ্ধের চতুর্থ মাসে পদার্পণ করলেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই, বরং হামলার পরিধি দিন দিন আরও বাড়ছে।

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও, লেবাননের সাধারণ মানুষের কাছে এর কোনো কার্যকারিতা নেই। তাদের মতে, যুদ্ধবিরতির বিষয়টি কেবল কাগজের নথিতেই সীমাবদ্ধ, কারণ বাস্তবে হামলা মোটেও থামেনি।

অন্যদিকে, কয়েক দশকের মধ্যে এই প্রথম ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েল আলোচনার টেবিলে মুখোমুখি বসলেও সীমান্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আকাশপথে ক্রমাগত বোমাবর্ষণ দক্ষিণ লেবাননের মানুষের জীবনকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সূত্র: আল জাজিরা