বাঘের গালিবাফ আবারও ইরানের সংসদ স্পিকার নির্বাচিত 

ইরানের পার্লামেন্টের (মজলিশ) স্পিকার হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন প্রভাবশালী নেতা মোহাম্মদ বাঘের গালিবাফ। সোমবার (২৫ মে) সকালে দেশটির আইনসভার তৃতীয় বার্ষিক অধিবেশনে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিপুল সংখ্যক আইনপ্রণেতার সমর্থন পেয়ে তিনি তার পদ ধরে রাখতে সক্ষম হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্পিকার পদের জন্য গালিবাফ ছাড়াও হোজ্জাতোলেসলাম মোহাম্মদ তাকি নাকদালি এবং ওসমান সালারি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে গালিবাফ নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখে ২৭১ জন সংসদ সদস্যের দেওয়া ভোটের মধ্যে ২৩৫টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাকদালি পেয়েছেন ২৯ ভোট এবং সালারি পেয়েছেন মাত্র ৭ ভোট।

মোহাম্মদ বাঘের গালিবাফ বর্তমান ১২তম পার্লামেন্টের প্রথম দুই বছর এবং এর আগে ১১তম পার্লামেন্টের পুরো চার বছর সফলভাবে স্পিকারের দায়িত্ব পালন করেছেন। আজকের জয়ের মাধ্যমে ইরানের নীতি-নির্ধারণী পর্যায়ে তাঁর অবস্থান আরও সুসংহত হলো।

ইরান পার্লামেন্টের সভাপতিমন্ডলীতে মোট ১২টি পদ রয়েছে, যার মধ্যে একটি স্পিকার, দু’টি ভাইস স্পিকার, ছয়টি সচিব এবং তিনটি পর্যবেক্ষক পদ। এছাড়া পার্লামেন্টে ১৩টি বিশেষায়িত কমিটি রয়েছে। প্রতি বছর সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে এই সভাপতিমন্ডলী নির্বাচিত হয়ে থাকে। গালিবাফের এই বিজয়কে তার রাজনৈতিক দূরদর্শিতা ও আইনপ্রণেতাদের মধ্যে তার গ্রহণযোগ্যতার প্রমাণ হিসেবে দেখছেন।