হরমুজে নৌ চলাচল সহজ করতে প্রস্তুত ইরান, জাপানকে পেজেশকিয়ানের আশ্বাস

ইরান হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল সহজ ও নির্বিঘ্ন করতে সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ফোনালাপে এ আশ্বাস দেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে।

ফোনালাপে জাপানের প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানালে পেজেশকিয়ান বলেন, এই অঞ্চলে নৌ চলাচল ও বাণিজ্যিক পরিবহনে যেসব জটিলতা সৃষ্টি হয়েছে, তার মূল কারণ হলো যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও বাধা।

তিনি আরও উল্লেখ করেন, ইরান চেষ্টা করবে যাতে জাপানি জাহাজসহ অন্যান্য দেশের নৌযানসমূহ কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং আরও সহজভাবে এই জলপথ ব্যবহার করতে পারে।

এর মাধ্যমে আঞ্চলিক গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডোর ঘিরে চলমান উত্তেজনার মধ্যেও সহযোগিতার বার্তা দিতে চেয়েছে তেহরান। সূত্র: আলজাজিরা