যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ 

আপডেট : ০১ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তার দাবি, ইরানের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির শর্ত মেনে চলার ক্ষেত্রে ওয়াশিংটন স্পষ্টভাবে ব্যর্থ হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ-অবরোধ অব্যাহত রাখা এবং লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি না মানার সুস্পষ্ট প্রমাণ।

তিনি অভিযোগ করেন, লেবাননে ইসরাইলের চলমান হামলা ও সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামুদ্রিক চাপ অব্যাহত রাখার মাধ্যমে যুক্তরাষ্ট্র বাস্তবে যুদ্ধবিরতির চেতনার পরিপন্থী অবস্থান গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

গালিবাফ তার বার্তায় আরও বলেন, 'প্রতিটি সিদ্ধান্তেরই একটি মূল্য আছে, এবং সেই মূল্য একসময় পরিশোধ করতে হয়। সবকিছুই সময়ের সঙ্গে স্পষ্ট হয়ে যাবে।'

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। ইরানি নেতৃত্বের মতে, যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে শুধু সামরিক সংঘর্ষ বন্ধ করাই যথেষ্ট নয়, বরং অবরোধ, চাপ প্রয়োগ এবং মিত্র দেশগুলোর সামরিক কর্মকাণ্ডও নিয়ন্ত্রণে আনতে হবে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত