কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার (৩ জুন) ভোরের দিকে দেওয়া এক বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী।
কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার মাঝরাতে কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। তবে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের (এয়ার ডিফেন্স সিস্টেম) মাধ্যমে আঘাত হানার আগেই সেগুলো সফলভাবে ধ্বংস করে ফেলা হয়, যার ফলে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। দেশের অভ্যন্তরে কোনো স্থাপনায় আঘাত লাগেনি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, মাঝরাতে যে বিকট শব্দ শোনা গিয়েছিল, সেটি মূলত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার আওয়াজ।
তবে কুয়েতের এই দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তারা দাবি করেছে, কুয়েতের মার্কিন ঘাঁটিতে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে এবং এর স্বপক্ষে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।
এর আগে গত ১ জুন (সোমবার) কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। সে সময় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বার্তায় জানিয়েছিল, ইরান থেকে নিক্ষিপ্ত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে আটকে দেওয়া হয়েছে।
এদিকে কুয়েতে হামলার প্রায় একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। তবে বাহরাইনের সেনাবাহিনী এখন পর্যন্ত এই হামলার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
আধা সরকারি ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার মাঝরাতে পারস্য উপসাগরের ইরানি দ্বীপ কেশমের আশপাশে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনার কিছুক্ষণ পরেই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একসঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আইআরজিসি। সূত্র: সিএনএন