বাহরাইনের সরকারবিরোধী সংবাদমাধ্যম লুয়ালুয়া টিভির সম্প্রচার লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম। বাহরাইনের বিরোধী মতের ওপর দমন-পীড়ন বৃদ্ধির মধ্যে লন্ডনভিত্তিক চ্যানেলটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হলো।
শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে অফকম জানায়, চ্যানেলটির সম্প্রচার লাইসেন্সধারী প্রতিষ্ঠান শেলস ফর মিডিয়া প্রোডাকশনস লিমিটেডকে সম্প্রচার লাইসেন্স রাখার জন্য ‘উপযুক্ত ও যোগ্য’ মনে করছে না সংস্থাটি। এ সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে।
লুয়ালুয়া টিভির সম্প্রচারিত অনুষ্ঠান ও কনটেন্ট নিয়ে নিজস্ব তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অফকম।
সংস্থাটির দাবি, লুয়ালুয়া টিভির একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এমন কয়েকটি পোস্ট পাওয়া গেছে, যেখানে হামাস, হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এবং এসব সংগঠনের নেতাদের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানানো, প্রচার চালানো, প্রশংসা করা কিংবা সমর্থন উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে।
অফকমের সিদ্ধান্তে আরও বলা হয়, চ্যানেলটির ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা সাইয়েদ আবদুল মালিক আল-হুতির প্রায় ৪৫ মিনিটের একটি বক্তব্য প্রচার করা হয়। ২০২৩ সালের ৭ অক্টোবরের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’-এর তৃতীয় বার্ষিকী উপলক্ষে তিনি ওই বক্তব্য দেন।
অফকমের ভাষ্য, তদন্তে দেখা গেছে, বক্তব্যটিতে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কর্মকাণ্ডের প্রশংসাসূচক বক্তব্য ছিল।
বাহরাইনে বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগ
বাহরাইনের বিরোধী নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের ওপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে লুয়ালুয়া টিভির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত এলো।
চ্যানেলটির সমর্থকদের দাবি, বাহরাইনের জনগণের ওপর নিপীড়ন, নির্যাতন ও বিচারবহির্ভূত আটকসহ বিভিন্ন ঘটনা তুলে ধরার ক্ষেত্রে লুয়ালুয়া টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চ্যানেলটির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের নিন্দা জানাতে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে থাকা কর্মী ও অধিকারকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের আশঙ্কা, চ্যানেলটি বন্ধ হয়ে গেলে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সংবাদ পাওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে আল খলিফা শাসকগোষ্ঠীর দমন-পীড়নের প্রতিবাদে বাহরাইনের বিভিন্ন এলাকায় নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা শিয়া ধর্মীয় নেতাদের মুক্তির দাবি জানাচ্ছেন এবং তাঁদের বিরুদ্ধে দেওয়া বিভিন্ন দণ্ডের প্রতিবাদ করছেন।
গত ১৬ নভেম্বর ‘সন্ত্রাসবাদ’-সংক্রান্ত অভিযোগে ৬৪ জন শিয়া মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বাহরাইনের কর্তৃপক্ষ। দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই ধর্মীয় আলেম ও অধিকারকর্মী। একই ধরনের অভিযোগে আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেন মানামার হাইকোর্ট।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫৬ জনকে গত মে ও জুন মাসে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় বাহরাইনের আল খলিফা সরকারের বাহিনী বিচারিক পরোয়ানা ছাড়াই দেশটির শিয়াপ্রধান এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নির্বাসিত শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমসহ ১৩ জনের অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করা হয়। শেখ ঈসা কাসেমকে বাহরাইনের শিয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অধিকারকর্মীরা এ বিচারপ্রক্রিয়াকে ন্যায়বিচারের পরিহাস বলে বর্ণনা করেছেন।
বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বিআইআরডি) তথ্য অনুযায়ী, মামলাটিতে নির্যাতন, জোর করে স্বীকারোক্তি আদায় এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের অভিযোগ রয়েছে।
নদীর তীরে ১০০ মিটারের সুরক্ষা বলয়, বাস্তবায়ন হলে কমবে ঢাকার তাপমাত্রা
মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান