ইরানের জন্য মার্কিন ও ইসরায়েলি বাহিনী প্রস্তুত: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়ে যায়নি। তবে তার দাবি, চলমান সংঘাতের ফলে তেহরান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘ইরানের বিষয়টি এখনো শেষ হয়নি।’ একই সঙ্গে তিনি দাবি করেন, সাম্প্রতিক সামরিক পদক্ষেপের ফলে ইরানের সক্ষমতা আগের তুলনায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে নিজের যোগাযোগ নিয়েও কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রায় প্রতি দুই দিন পরপরই ট্রাম্পের সঙ্গে তার আলোচনা হয়।

নেতানিয়াহুর ভাষায়, ‘কৌশলগত কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে কখনও কখনও মতপার্থক্য হয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা সমাধানে পৌঁছে যাই।’

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বৈরুতের ওপর হামলার হুমকি দেওয়াকে কেন্দ্র করে এক কূটনৈতিক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন।

একই সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, প্রয়োজন হলে ইরানকে ঘিরে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের জন্য ইসরায়েলি ও মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, পরিস্থিতির আরও বিস্তার প্রয়োজন কি না এবং হরমুজ প্রণালি ঘিরে সামরিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা আছে কি না, সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত ট্রাম্পের ওপরই নির্ভর করবে।

নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে যুদ্ধবিরতি বা সাময়িক উত্তেজনা প্রশমনের পরও ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক সংকট পুরোপুরি শেষ হয়েছে বলে মনে করছে না ইসরায়েল। বরং পরিস্থিতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে ওয়াশিংটনের সিদ্ধান্তকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেছেন তিনি। সূত্র: আলজাজিরা