আইডিএফের শীর্ষ কমান্ডারের গাড়িতে হিজবুল্লাহ'র ড্রোন হামলা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের প্রধানের গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলার মাত্র কিছুক্ষণ আগে তিনি গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর প্রতিবেদনে বলা হয়েছে, নর্দার্ন কমান্ডের প্রধান রাফি মাইলো দক্ষিণ লেবাননের একটি গ্রামে সামরিক কর্মকর্তাদের সঙ্গে মাঠপর্যায়ের পরিদর্শনে গিয়েছিলেন। সফরের একপর্যায়ে তিনি ও তার এক সহকারী গাড়ি থেকে নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরকবাহী একটি এফপিভি ড্রোন এসে গাড়িটিতে আঘাত হানে।

হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাটি সীমান্তবর্তী অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

ইসরায়েলি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। গত সপ্তাহে গবেষণা ও গোয়েন্দা বিশ্লেষণ প্রতিষ্ঠান য়ামিত ইন্সটিটিউট ফর রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স-এর প্রকাশিত তথ্য, যা কান উদ্ধৃত করেছে, তাতে বলা হয় হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে শীর্ষ ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোন, বিভিন্ন ধরনের মানববিহীন উড়োজাহাজ এবং সমন্বিত হামলার মাধ্যমে ইসরায়েলের কমান্ড, নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আঘাত করাই হিজবুল্লাহর অন্যতম লক্ষ্য। সর্বশেষ এই হামলাকে সেই কৌশলেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: আলজাজিরা