ইরানের ঘনিষ্ঠ প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে জুরফ আল-সাখার শহর পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) শহরটির উপকণ্ঠে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়। বাগদাদের দক্ষিণে অবস্থিত এই শহরটি গত এক দশকেরও বেশি সময় ধরে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল।
ইরাকি বাহিনীর একটি বহর জাতীয় পতাকা নিয়ে শহরের দিকে অগ্রসর হয়। শত শত সেনা শহরের বাইরের বিভিন্ন অবস্থানে দায়িত্ব নেয়। তবে শহরের ভেতরে এখনো কাতাইব হিজবুল্লাহর হলুদ পতাকা দেখা গেছে। গোষ্ঠীটির যোদ্ধাদের প্রকাশ্যে দেখা না গেলেও, শনিবার থেকে নতুন নিরাপত্তা সদর দপ্তর চালু হওয়ার কথা রয়েছে। সেখানে জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য বিশেষ ইউনিটও দায়িত্ব পালন করবে।
সমঝোতা অনুযায়ী, কাতাইব হিজবুল্লাহর সদস্যরা ইরাকের অন্যান্য এলাকায় সরে যাবে। এক মাসের মধ্যে ধাপে ধাপে তাদের প্রত্যাহার সম্পন্ন হতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। শহরের নিরাপত্তা নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ফেডারেল পুলিশ, জ্বালানি পুলিশ এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সের বিভিন্ন ইউনিট নিয়ে যৌথ কমান্ড গঠন করা হচ্ছে।
গত সোমবার প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জুরফ আল-সাখারে সেনা প্রবেশের প্রস্তুতির নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তদন্তে অভিযোগ ওঠে, কাতাইব হিজবুল্লাহর একটি নেটওয়ার্ক পাইপলাইনে কারসাজি করে রাষ্ট্রীয় তেল থেকে শত শত মিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় নিরাপত্তা ও তেল খাতের নয়জন ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত হন। সংশ্লিষ্টদের গ্রেপ্তারও শুরু হয়। এতে সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কাতাইব হিজবুল্লাহ অভিযোগ অস্বীকার করে এবং শহরে প্রবেশের চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি দেয়।
উত্তেজনা প্রশমনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি বাগদাদ সফর করেন। ইরাকের শিয়া রাজনৈতিক সূত্রের বরাতে জানা যায়, সংকট নিরসনে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন। কাতাইব হিজবুল্লাহর নেতা আবু হুসেইন আল-হামিদাওয়ি, ইরানপন্থী বদর সংগঠনের প্রধান হাদি আল-আমিরি এবং কানির মধ্যে আলোচনার পরই সমঝোতা হয় বলে গোষ্ঠীটি জানিয়েছে।
জুরফ আল-সাখার একসময় ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে ছিল। ২০১৪ সালে ইরাকি সেনাবাহিনী ও শিয়া মিলিশিয়ারা শহরটি পুনর্দখল করে। এরপর সেখানকার বাসিন্দাদের আর ফিরতে দেওয়া হয়নি। শহর ও আশপাশের এলাকা থেকে এক লাখেরও বেশি মানুষ এখনো বাস্তুচ্যুত রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। এমনকি সরকারি কর্মকর্তাদেরও দীর্ঘদিন সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বাগদাদ থেকে কারবালা ও আনবার প্রদেশের সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কের কাছে অবস্থিত শহরটি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছেন ইরাকি ইতিহাসবিদ ও গবেষক ওমর মোহাম্মদ।
কাতাইব হিজবুল্লাহ ইরাকের অন্যতম শক্তিশালী ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আক্রমণের পর আবু মাহদি আল-মুহান্দিস গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেন। ২০২০ সালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির সঙ্গে তিনি নিহত হন। যুক্তরাষ্ট্র ২০০৯ সালে কাতাইব হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।
গোষ্ঠীটি ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের বেশ কয়েকটি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত। তাদের সদস্যরা সরকারি বেতন পান এবং রাজনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্রেও গোষ্ঠীটির প্রভাব রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব ব্যবসায়িক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে কাতাইব হিজবুল্লাহ।
ইরাকের জন্য এই অভিযান বড় ধরনের রাজনৈতিক ও নিরাপত্তা পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। অতীতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে সরকারকে পাল্টা হামলা ও চাপের মুখে পড়তে হয়েছে। ২০২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজিমির বাসভবনে ড্রোন হামলা হয়েছিল, যা হত্যাচেষ্টা হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে ইরাক এখনো গ্যাস ও বিদ্যুতের জন্য ইরানের ওপর নির্ভরশীল। পাশাপাশি দেশটির বাণিজ্যিক ও আর্থিক ব্যবস্থার সঙ্গে ইরানের গভীর সম্পর্ক রয়েছে। ফলে একটি শহরের নিয়ন্ত্রণ নেওয়া গেলেও ইরাক থেকে ইরানের সামগ্রিক প্রভাব কতটা কমানো সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিশ্লেষকদের মতে, জুরফ আল-সাখারে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই উদ্যোগ বাগদাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। শহরটির নিয়ন্ত্রণ নেওয়া সরকারের শক্ত অবস্থানের ইঙ্গিত দিলেও, ইরানপন্থী মিলিশিয়াদের প্রভাব কমাতে প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কতটা সফল হবেন, তা নির্ভর করবে পরবর্তী পদক্ষেপের ওপর।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
২ হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে হামলার হুমকি ইরানের
ইরানের বিরুদ্ধে দেশগুলোকে এক করতে পারবে না যুক্তরাষ্ট্র: মোখবার
‘নির্দেশ পেলে ইউরোপে মার্কিন ঘাঁটি নিশানা করবে ইরান’
যুক্তরাষ্ট্রকে অবশ্যই পশ্চিম এশিয়া ছাড়তে হবে: ইসমাইল কাওসারি