লেবানন থেকে ইসরায়েল না সরলে চুক্তি নয়: আইআরজিসি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ছাড়া অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আঞ্চলিক যুদ্ধে যুদ্ধবিরতি গ্রহণের ক্ষেত্রে শুরু থেকেই তাদের অবস্থান ছিল, লেবাননসহ সব ফ্রন্টে একযোগে যুদ্ধবিরতি কার্যকর হতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলকে অবিলম্বে লেবাননের জনগণের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের পেছনে ফিরে গিয়ে লেবাননের অধিকৃত এলাকা খালি করতে হবে।

আইআরজিসি জোর দিয়ে বলেছে, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব স্বীকার করা ছাড়া স্থায়ী সমাধানের কোনো পথ নেই।

তেহরানের ভাষ্য অনুযায়ী, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সামরিক উপস্থিতি এবং চলমান হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সফল হবে না। তাই সংঘাত নিরসনের জন্য দ্রুত প্রত্যাহার এবং লেবাননের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য। সূত্র: আলজাজিরা