লেবাননের যুদ্ধবিরতি আরও শক্তিশালী ও টেকসই করতে কাতারের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি–এর সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট আউন যুদ্ধবিরতি জোরদারে দোহার চলমান যোগাযোগ ও মধ্যস্থতা উদ্যোগের সাফল্যের কথা উল্লেখ করেন।
লেবাননের প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, ওয়াশিংটনে লেবানন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে যে যুদ্ধবিরতি কাঠামো গড়ে উঠেছে, সেটিকে আরও কার্যকর ও স্থিতিশীল করতে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই প্রচেষ্টার জন্য দোহাকে ধন্যবাদ জানান আউন।
এ সময় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি–এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। লেবাননের কঠিন সময়ে দেশটির প্রতি কাতারের ধারাবাহিক সমর্থন এবং বিভিন্ন ক্ষেত্রে দেওয়া সহায়তারও প্রশংসা করেন প্রেসিডেন্ট আউন।
তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় লেবাননের সক্ষমতা বাড়াতে কাতারের সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একই সঙ্গে এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় ও গভীর করেছে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আলজাজিরা
যুদ্ধবিরতি'র এটাই শেষ যুযোগ: জোসেফ আউন